সুশাসন সংকটে ক্রিকেট কানাডার অর্থায়ন স্থগিত করল আইসিসি
International Cricket Council বোর্ড পরিচালনায় অনিয়ম, আর্থিক অসচ্ছতা ও সুশাসনের ঘাটতির অভিযোগে Cricket Canada–এর আর্থিক অনুদান সাময়িকভাবে স্থগিত করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই ক্রিকেট কানাডাকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ফলে আগামী ছয় মাস আইসিসির কোনো অনুদান পাবে না দেশটির ক্রিকেট বোর্ড।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে কানাডার জাতীয় দলের কার্যক্রম বা হাই-পারফরম্যান্স প্রোগ্রাম বন্ধ না হলেও বোর্ডটির জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ তাদের আয়ের বড় অংশই আসে আইসিসির অনুদান থেকে।
২০২৪ সালের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ক্রিকেট কানাডার মোট আয়ের প্রায় ৬৩ শতাংশ এসেছে আইসিসি থেকে। ওই বছর ৫ দশমিক ৭ মিলিয়ন কানাডিয়ান ডলার আয়ের মধ্যে প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন ডলার দিয়েছে আইসিসি।
যদিও ঠিক কোন অনিয়মের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি আইসিসি। তবে অনুসন্ধানী অনুষ্ঠান ‘দ্য ফিফথ স্টেট’ জানিয়েছে, বোর্ড পরিচালনায় দুর্বলতা, আর্থিক তদারকির ঘাটতি এবং আইসিসির নীতিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
সম্প্রতি কানাডা ক্রিকেট নানা বিতর্কে জড়ায়। সর্বশেষ ICC Men's T20 World Cup–এ কানাডা ও নিউজিল্যান্ডের ম্যাচ নিয়েও তদন্ত চলছে। পাশাপাশি সাবেক কোচ খুররম চৌহানকে ঘিরে ফাঁস হওয়া এক অডিওতে খেলোয়াড় নির্বাচন ও ম্যাচ পাতানোর অভিযোগ উঠে আসে।
গত এক বছরে প্রশাসনিক অস্থিরতাও বেড়েছে ক্রিকেট কানাডায়। সাবেক প্রধান নির্বাহী সালমান খানের বিরুদ্ধে জালিয়াতি ও চুরির অভিযোগ ওঠার পর বোর্ডে বড় ধরনের পরিবর্তন আনা হয়। পরে নতুন পরিচালনা পর্ষদ গঠন ও সুশাসন সংস্কারের ঘোষণা দেওয়া হলেও এর মধ্যেই আইসিসির অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত এলো।
ক্রিকেট কানাডার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান বোর্ড আগের প্রশাসনের সমস্যাগুলো উত্তরাধিকারসূত্রে পেয়েছে এবং সুশাসন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে তারা কাজ করছে।