• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ সামনে রেখে ফুটবল সমর্থকদের জন্য ভিসা বন্ডে ছাড় যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপ সামনে রেখে ফুটবল সমর্থকদের জন্য ভিসা বন্ডে ছাড় যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক

 আসন্ন FIFA World Cup 2026 উপলক্ষে ফুটবল সমর্থকদের জন্য ভিসা বন্ড নীতিতে শিথিলতার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণ নীতির অংশ হিসেবে সম্প্রতি ৫০টি উন্নয়নশীল দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দেওয়ার নিয়ম চালু করা হয়। নির্ধারিত সময় শেষে নিজ দেশে ফিরে গেলে সেই অর্থ ফেরত দেওয়ার কথা রয়েছে।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে না। পাশাপাশি যেসব সমর্থকের বিশ্বকাপের টিকিট রয়েছে এবং অগ্রাধিকারভিত্তিক ভিসা ব্যবস্থায় নিবন্ধন করেছেন, তারাও এ সুবিধা পাবেন।

মার্কিন কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরাহ নামদার বলেন, বিশ্বকাপ উপলক্ষে বৈধ ভ্রমণ সহজ করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তিনি জানান, ট্রাম্প প্রশাসন ইতিহাসের সবচেয়ে বড় ও সফল বিশ্বকাপ আয়োজন করতে চায়।

ফিফাও এক বিবৃতিতে জানিয়েছে, সফল ও স্মরণীয় টুর্নামেন্ট আয়োজনের জন্য মার্কিন সরকারের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রয়েছে।

বিশ্বকাপে জায়গা পাওয়া আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার নাগরিকরা ভিসা বন্ড নীতির আওতায় রয়েছে। অন্যদিকে হাইতি ও ইরানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর বিধিনিষেধ বহাল আছে।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবল। যৌথভাবে আসরটি আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

১৪ মে ২০২৬, ০৫:৫০পিএম, ঢাকা-বাংলাদেশ।