বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা পাকিস্তানের
টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান—এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, খেলার মাঠে রাজনীতির কোনো জায়গা নেই এবং বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, বাংলাদেশের পাশে দাঁড়ানোই এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত অবস্থান।
বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা আমলে না নিয়ে আইসিসি দলটিকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরই পাকিস্তান ম্যাচ বর্জনের ঘোষণা দেয়। যদিও তখন কারণ জানানো হয়নি। ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টুয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। এ বিষয়ে পিসিবি প্রকাশ্যে মন্তব্য না করলেও আইসিসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাবের কথাও স্মরণ করিয়েছে।