জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ
মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ার সেরা ৫ উইকেট এবং লিটন দাসের ৩৩ বলে ৫৬ রানে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে সহজ পেয়েছে বাংলাদেশ। এরই মধ্য দিয়ে সোহানের নেতৃত্বে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের দেখা পেল টাইগাররা। আর তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ।
রবিবার (৩১ জুলাই) হারারে স্পোর্টস একাডেমি মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। স্বাগতিকদের দেয়া ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
মুমিন শাহরিয়ারকে সঙ্গে নিয়ে শুরু করা লিটন ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৫৩ রান তোলে সফরকারীরা।
তবে, সুবিধা করতে পারেননি মুমিন। পঞ্চম ওভারে রিচার্ড এনগারাভার বলে এই তরুণ ওপেনার ব্যক্তিগত মাত্র ৭ রানে সাজঘরে ফিরেন।
এরপর এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে ঝড়ো গতিতে রান তুলেন লিটন। নবম ওভারের শেষ বলে উইলিয়ামসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৬ চার ও ২ ছক্কা হাঁকান তিনি।
লিটন ফেরার ৩ বলের মাথায় সাজঘরের পথ ধরেন বিজয়। ১৫ বলে ১৬ রান করে সিকান্দার রাজার বলে আউট হন তিনি।
তিন বলের ব্যবধানে দুই উইকেট হারালেও চতুর্থ উইকেট জুটিতে আফিফ হোসেনের ৩০ এবং নাজমুল হোসেন শান্ত ১৯ রান করে জয় নিশ্চিত করেন। অপরাজিত ছিলেন দুই জনই। এই জুটির ব্যাটে ৪৮ বলে ৫৫ রান আসে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ১৩ ম্যাচে মাত্র ১ জয় ছিল টাইগারদের। নতুন অধিনায়কের নেতৃত্বে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা ভালো হয়নি। মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৩৫ রানে ইনিংস থেমেছে জিম্বাবুয়ের। ওপেনিংয়ে এসে ডানহাতি এই স্পিনারের জোড়া আঘাতে নড়বড়ে হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং দুর্গ। পরে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ওভারে নেন আরও ১টি করে উইকেট। নিজের কোটার ৪ ওভারের স্পেলে ২০ রান দিয়ে নেন ৫ উইকেট।
শুরুতে নড়বড়ে হলেও সিকান্দার রাজার অনবদ্য ব্যাটিং জিম্বাবুয়েকে লড়াই করার মতো স্কোর এনে দেয়। রাজা ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৩ বলে ৬২ রান সংগ্রহ করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে টানা অর্ধশতক আসে তার ব্যাটে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ১৩ ম্যাচে মাত্র ১ জয় ছিল টাইগারদের। নতুন অধিনায়কের নেতৃত্বে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ।