মিডিয়ার স্বাধীনতার পক্ষেই বিএনপি: ঠাকুরগাঁওয়ে সম্মেলনে মির্জা ফখরুলের মন্তব্য
ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হলো সেই রাজনৈতিক দল, যে দেশে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রায় আট বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর। উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প উপস্থাপন করেছিলেন। বিএনপি সেই দল, যারা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে লড়াই করেছে।’
বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট ব্যবস্থায় বাংলাদেশ তছনছ হয়ে গেছে। দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। সেগুলো নতুন করে গড়ে তোলার জন্য বিএনপি ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে।’
দলের ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নতুন নেতৃত্ব তৈরি হবে, যারা গণতান্ত্রিক নতুন পথ দেখাবে।’
এর আগে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে সম্মেলন শুরু হয়। অতিথিরা আকাশে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন সাংগঠনিক প্রতিবেদন ও শোকপ্রস্তাব উপস্থাপন করেন।
সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। তবে শেষ পর্যন্ত কেবল সাধারণ সম্পাদক পদে ভোট হচ্ছে। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী। গত রাতে অপর প্রার্থী শরিফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ৮০৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন।