যদি সংস্কার করতে না পারেন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন : সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। বাংলাদেশবাসী একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চায়। রাজনৈতিক ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে—তাহলে যদি কাঙ্ক্ষিত সংস্কার করতে ব্যর্থ হন, এতদিন ক্ষমতায় থাকার প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে।
তিনি এই মন্তব্য করেন আজ সকালে ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোট কেন্দ্র প্রতিনিধিদের সমাবেশে। সমাবেশে আসন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য মোঃ জামাল উদ্দিন সভাপতিত্ব করেন এবং অঞ্চল সহকারী পরিচালক মাহাবুবুল আলম অনুষ্ঠান পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। এছাড়া উত্তরা ও তুরাগ অঞ্চলের বিভিন্ন থানা আমীররা উপস্থিত ছিলেন।
সেলিম উদ্দিন আরও বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াত কর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। ঘরে ঘরে ইসলামের সু-মহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে।”