• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

শীঘ্রই যুবদলের পূর্ণাঙ্গ কমিটি

শীঘ্রই যুবদলের পূর্ণাঙ্গ কমিটি

তাহজিব হাসান

শীঘ্রই যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বুধবার (১০ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে দৈনিক আমরাই বাংলাদেশের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সংগঠনের কার্যক্রম থেমে নেই। আমরা সকলে মিলে দলের জন্য দেশের জন্য কাজ করছি।

আংশিক কেন্দ্রীয় কমিটি গেল বছরের ৯ জুলাই গঠিত হয়। এরপর ২৭৫ দিন অতিক্রম হয়। ঠিক কত দিন পর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে এমন প্রশ্নের জবাবে যুবদল সভাপতি সুনির্দিষ্ট তারিখ বলতে রাজি হননি। তবে অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আসবে বলে জোর দেন।

দলীয় একাধিক সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ কমিটির তালিকা দলের হাইকমান্ডের কাছে জমা আছে। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের পর পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আসেব।

২০২৪ সালের ৯ জুলাই জাতীয়তাবাদী যুবদলের ছয় সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সদ্য আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক করা হয় নুরুল ইসলাম সোহেলকে। পরবর্তীতে মিনহাজুল ইসলাম ভূইয়াকে সহ দপ্তর সম্পাদক হিসেবে যুক্ত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। বলা হয়েছিল, পরে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। এরপর ২৭৫ দিন চলে যায়।

উল্লেখ্য, পূর্বের কমিটি অর্থাৎ সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠনের ৯ মাস পর যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল।

এ বিষয়ে আরো জানার জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তাঁর মুঠোফোনে কল দেয়া হয়। এছাড়া তাঁর হোয়াটস অ্যাপ নাম্বারে ক্ষুদে বার্তা পাঠানো হয়।

পরবর্তীতে এই প্রতিবেদক ৯ এপ্রিল পল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অফিসে যান। সেখানে দায়িত্বরত প্রধান অফিস কর্মকর্তা মুহাঃ রেজাউল করিম জানান রিজভী ভাই দলীয় কাজে ঢাকার বাইরে আছেন। আপনি এক/দুই দিন পর আসেন।

পদপ্রত্যাশী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, যুবদল একটি বৃহৎ সংগঠন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনসহ জুলাই গণঅভ্যুত্থানে যুবদলের কর্মীরা হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে সরব ছিল। দলের নেতা-কর্মীরা গুম খুনের স্বীকার হয়েছে। যুবদলের আংশিক কমিটি গঠিত হয়েছে প্রায় আট মাস আগে। বিএনপি'র সামনে নানা রকম রাজনৈতিক চ্যালেঞ্জ। রাজনৈতিক সকল চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন সময়ের দাবি।

তারা আরো বলেন, সংগঠনের সার্বিক কর্মসূচি ও তৎপরতা বৃদ্ধির জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিকল্প নেই। কমিটি গঠনে বিলম্ব হলে নেতাকর্মীরা মানসিকভাবে ভেঙে পড়বেন। আংশিক কমিটির পূর্ণাঙ্গ রূপ দেয়া বিএনপি হাইকমান্ডের কাজ। পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও স্বচ্ছ ইমেজধারী নেতাকর্মীরা জায়গা পেলে সংগঠন মজবুত হবে।

১০ এপ্রিল ২০২৫, ০৭:৪১এএম, ঢাকা-বাংলাদেশ।