• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

সাদিয়ার লাশের পাশে চিরকুট ‘আই হ্যাব টু বি এ বিসিএস ক্যাডার’

সাদিয়ার লাশের পাশে চিরকুট ‘আই হ্যাব টু বি এ বিসিএস ক্যাডার’

ছবি- সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বরিশালে সাদিয়া আক্তার সাথী নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় সাদিয়ার পড়ার টেবিলের সামনের দেয়াল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে ‘আই হ্যাব টু বি এ বিসিএস ক্যাডার।’

সোমবার (৭ মার্চ) দুপুরে বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডের বৈদ্যপাড়া এলাকার ডা. শাহজাহান হোসেনের ভবনের পঞ্চম তলার ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সাদিয়া আক্তার বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। তার স্বামী মাইনুল ইসলাম একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

কোতোয়ালি থানার এসআই রেজাউল ইসলাম রেজা জানান, সাদিয়ার ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সূত্রে এসআই রেজাউল আরও জানান, মেয়েকে শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে এসে বাসার দরজা আটকে দেন সাদিয়া। অনেকক্ষণ পর সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাকে খুঁজতে গিয়ে বুঝতে পারেন সাদিয়া আত্মহত্যা করেছেন। পরে পুলিশকে খবর দিলে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা বলেন, সাদিয়ার পড়ার টেবিলের সামনের দেয়ালে কাগজে লেখা ছিল ‘আই হ্যাব টু বি এ বিসিএস ক্যাডার’। অর্থাৎ তার অদম্য ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হওয়ার। ঘরে প্রচুর বইও ছিল। সে বিসিএস কোচিং করত। পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এমনকি তারাও জানাতে পারেননি কী কারণে সাদিয়া আত্মহত্যা করেছেন।

০৮ মার্চ ২০২২, ০৩:১০পিএম, ঢাকা-বাংলাদেশ।