সার্চ কমিটির তালিকায় ১০ জনের নাম
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে ১০ জনের তালিকায় কে বা কারা আছেন তা এখনো জানা যায়নি।
রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শুরু হয়। কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এতে সভাপতিত্ব করছেন।
এ ছাড়া সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বৈঠকে উপস্থিত রয়েছেন।
এর আগে গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম ১৪ ফেব্রুয়ারি রাতে প্রকাশ করা হয়।