উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ, সারাদেশে বাড়তে পারে কুয়াশা
প্রতিকী ছবি
দেশের উত্তরাঞ্চলীয় চার জেলায় চলছে শৈত্যপ্রবাহ। রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের ফলে জনজীবন ব্যাহত হচ্ছে। এদিকে আগামী এক সপ্তাহ এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
এবি/এসএন