• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

জনদুর্ভোগ দূর করতে চান চেয়ারম্যানপ্রার্থী বিল্লাল হোসেন

জনদুর্ভোগ দূর করতে চান চেয়ারম্যানপ্রার্থী বিল্লাল হোসেন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার বুড়িচং ও দেবিদ্বার উপজেলার ২৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বুড়িচংয়ে ৯টি ইউনিয়নে ভোট হবে। এরই মধ্যে বুড়িচংয়ের ৯টি ইউনিয়নে ভোটের মাঠে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। উপজেলার ৪নং ষোলনল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনে ভোটের মাঠে সরব রয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন। ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন। ষোলনল ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তিনি সাধারণ ভোটারদের কাছে ভোট চাইছেন। ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে ও সড়কের দুই ধারে পোস্টার ও ব্যানার টানিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

চেয়ারম্যান পদপ্রার্থী বিল্লাল হোসেন বলেন-‘জনগণের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি। নির্বাচন সুষ্ঠু-স্বাভাবিক হলে আমি জয়ী হবো ইনশাআল্লাহ। তবে জয়-পরাজয় মেনে নেয়ার মানসিক অবস্থা আমার আছে। কারণ নির্বাচনে যে-ই জয়লাভ করুক, তিনিও জনগণের জন্যই কাজ করতে এসেছেন। কাজেই আমি বিজয়ী হই, আর না হই, ইউনিয়নবাসীর জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

ষোলনল ইউনিয়নবাসীর উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন-‘আমাদের ইউনিয়নে বৈধ গ্যাস সংযোগ ছিল। কিন্তু তা এখন বন্ধ হয়ে গেছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে, সবার আগে এই গ্যাস সংযোগ চালুর ব্যবস্থা করব। আমাদের মা-বোনেদের কষ্ট লাঘব করার জন্য গ্যাস সংযোগ পুনরায় চালু করা জরুরি। এ ছাড়া ইউনিয়নের যেসব খাতে সমস্যা রয়েছে, সব খাতেই আমি ধরে ধরে উন্নয়নমূলক কাজ করতে চাই।’

তিনি আরও বলেন-‘নির্মাণাধীন ইউনিয়ন পরিষদ ভবনের কাজ শেষ করতে চাই। ইউনিয়ন পরিষদের রেগুলার সেবা সহজ ও নির্বিঘ্ন করতে কাজ করব। জনগণ যেন পরিষদে গিয়ে সবার আগে সেবা পায়, সেই লক্ষ্যে আমি কাজ করতে চাই।’

বিল্লাল হোসেন আরও বলেন-‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কুমিল্লাসহ ৭ম ধাপের ইউপি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ভোট উপহার দেবে বলে আশাবাদী। আগামী ৭ ফেব্রুয়ারি ষোলোনল ইউনিয়নের মানুষ তাদের যোগ্য প্রার্থী বেছে নেবে। আমি দলমত নির্বিশেষে সবাইকে বলতে চাই, আদর্শ একটি ইউনিয়ন গড়তে আপনারা আমাকে ভোট দিন।’

 

এবি/এসএন

১৯ জানুয়ারি ২০২২, ০৪:১২পিএম, ঢাকা-বাংলাদেশ।