সাংবাদিক হাবীব রহমান আর নেই, প্রধানমন্ত্রীর শোক
ফাইল ছবি
দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান হাবীব সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তরুণ সাংবাদিক হাবিব রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় একথা জানানো হয়। শোক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বুধবার (১৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে মোটরসাইকেল আরোহী সাংবাদিক হাবীব রহমান দুর্ঘটনায় নিহত হয়েছেন, নাকি হত্যার শিকার হয়েছেন তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। তার ব্যবহার করা মোটরসাইকেলটি প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এঘটনায় হাতিরঝিল এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এবং ময়নাতদন্ত শেষে এ বিষয়ে জানানো হবে জানিয়েছে পুলিশ।
এদিকে বুধবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সাংবাদিক হাবীব রহমানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় হাবীব রহমানকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ আওয়ামী লীগ, তথ্য মন্ত্রণালয়, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন আমরাই বাংলাদেশ-এর সম্পাদক মোঃ তাহাজীব হাসান তালুকদার। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিক হাবীব রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হাবীব রহমানের দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তাঁর নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
জানা গেছে, হাবীব রহমান সময়ের আলোতে আওয়ামী লীগ বিটে কর্মরত ছিলেন। তার সম্পূর্ণ নাম হাবীবুর রহমান। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়নের মানুরা গ্রামের অধিবাসী হাবীব। তার বাবা প্যারা মিয়া পেশায় একজন কৃষক। তার মায়ের নাম পিয়ার জাহান। পরিবারে রয়েছে এক ভাই ও তিন বোন। হাবিব বাবা মায়ের বড় সন্তান এবং পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে ২০১৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করে বেশ কিছু গণমাধ্যমে কাজ করেন তিনি। শিক্ষা জীবনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন তিনি। পরবর্তীতে কর্মক্ষেত্রেও আওয়ামী লীগ বিটেই সাংবাদিকতার শুরু।
এবি/এসএন