• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

নারায়ণগঞ্জে নৌকার পক্ষে ভোটের প্রচারে ফরিদুন্নাহার লাইলী

নারায়ণগঞ্জে নৌকার পক্ষে ভোটের প্রচারে ফরিদুন্নাহার লাইলী

ছবি- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করছেন ফরিদুন্নাহার লাইলী।

তাহজিব হাসান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। হ্যান্ডবিল, লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটের মাঠে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। নৌকার এই প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। দায়িত্ব পাওয়ার পর গত ১ জানুয়ারি থেকে আইভীর পক্ষে প্রচারণা শুরু করেছেন তিনি।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি (নাসিক) নির্বাচনে মেয়র প্রার্থী আইভীর পক্ষে ভোট চাইতে গিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

ফরিদুন্নাহার লাইলীর সঙ্গে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের জনসংযোগ ও প্রচার-প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ অন্য সদস্যরাও কাজ করছেন।

বীর মুক্তিযোদ্ধা ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ফরিদুন্নাহার লাইলীর গণসংযোগের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানা গেছে। নৌকার মেয়র প্রার্থীর পক্ষে ভোটারের দ্বারে দ্বারে তিনি ঘুরছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, চা-দোকানসহ ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। রিক্সাচালক, ভ্যানচালক, অটোচালক, সবজি বিক্রেতাসহ সাধারণ ভোটারদের কাছে গিয়ে নৌকায় ভোট চাইছেন ফরিদুন্নাহার লাইলী। হাতে নৌকার মার্কার লিফলেট নিয়ে তিনি ছুটছেন সর্বস্তরের ভোটারের দ্বারে দ্বারে।

জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় প্রায় ৩৭ হাজার ভোট রয়েছে। বিশাল এই ভোট ব্যাংক নৌকার পক্ষে নিতে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে ফরিদুন্নাহার লাইলীকে নৌকার পক্ষে মাঠে নামায় আওয়ামী লীগ। সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ফরিদুন্নাহার লাইলী প্রচারণায় নামার পর সিদ্ধিরগঞ্জের চিত্র পাল্টাতে শুরু করেছে। সাধারণ ভোটারদের মধ্যে ফিরে এসেছে নতুন উদ্দীপনা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেন- ‘নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হবে। নারায়ণগঞ্জের নির্বাচন বানচালের জন্য বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে। নারায়ণগঞ্জের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। সেলিনা হায়াৎ আইভী যোগ্য ব্যক্তি। তিনি নির্বাচিত হয়ে প্রমাণ করবেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সাধারণ মানুষের পছন্দের শীর্ষে রয়েছে।’

এদিকে নানা জল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে নৌকার পক্ষে ভোট করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। সোমবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এসময় শামীম ওসমান বলেন, ‘আমি নৌকার বিরুদ্ধে কখনোই ছিলাম না। নৌকার স্বাধীনতার প্রতীক, রক্ত দিয়ে নৌকা প্রতীক আমরা ছিনিয়ে এনেছি। নৌকার পক্ষে মাঠে থাকব।’

অপরদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু। সোমবার দুপুরে আগারগাঁওয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন-‘বিগত স্থানীয় নির্বাচনে যে নৈরাজ্য হয়েছে, নারায়ণগঞ্জেও সেই নৈরাজ্য হতে পারে। এখানে ভোট ফেয়ার হবে বলে মনে হচ্ছে না।’

তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৬ জানুয়ারি। এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। গত ১ জানুয়ারি থেকে নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

 

এবি/এসএন

১০ জানুয়ারি ২০২২, ০৫:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।