• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ভারতসহ কয়েকটি দেশে বিধিনিষেধ আরোপ করেছে। এমন পরিস্থিতিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার দুপুরে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীকে এ আহ্বান জানান।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ (রবিবার) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আমাদের মিটিং আছে। শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম পুরোদমে চলছে। সবাইকে টিকার আওতায় নিয়ে এসে কিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যায়, আমরা সেই চেষ্টা করছি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে যদি সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকে, তাহলে আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবো।’

ডা. দীপু মনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষিত রেখে সংক্রমণ এড়িয়ে শিক্ষাকার্যক্রম চালিয়ে নিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। যারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, তারা গুজব ছড়াচ্ছেন। সবাইকে গুজব সম্পর্কে সচেতন থাকতে হবে। কেউ গুজবে কান দিবেন না।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যাক আমরা এই আশা রাখি। তবে যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতেই হয়, তখন আমরা ঘোষণা দিয়ে বন্ধ করে দেবো। কিন্তু যতক্ষণ সে প্রয়োজন অনুভব না হবে, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব না।’

 

এবি/এসএন

০৯ জানুয়ারি ২০২২, ০৩:৪২পিএম, ঢাকা-বাংলাদেশ।