প্রাইভেটকার নিয়ে চুরি করা তিন গরু ফুলপুরে উদ্ধার
অভিনব কৌশলে কিশোরগঞ্জের তিন কৃষকের গোয়াল থেকে প্রাইভেটকারে তুলে এক সঙ্গে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থেকে প্রাইভেটকার ও চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করে পুলিশ।
বুধবার দুপুরে উদ্ধার হওয়া তিনটি গরু এবং চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি আদালতে সোপর্দ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার এসআই শ্যামল চন্দ্র নাথ। এর আগে চুরি যাওয়া গরুর মালিকরা ময়মনসিংহের ফুলপুর থানায় গিয়ে নিজ নিজ গরু শনাক্ত করেন।
জানা গেছে, গত ১ জানুয়ারি গভীর রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের বিল বরুল্লা গ্রামের পাশাপাশি বাড়ির তিন কৃষক এখলাস উদ্দিন, নূর মোহাম্মদ এবং ফোরকান মিয়ার গোয়াল ঘর থেকে তিনটি ষাঁড় গরু চুরি হয়।
এ ঘটনায় এখলাস উদ্দিন কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা অনুসন্ধান চালিয়ে জানতে পারেন ২ জানুয়ারি পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ফুলপুর থানা পুলিশ সন্দেহবশত ধাওয়া করে তিনটি গরু ভর্তি একটি প্রাইভেট কার আটক করে।
এমন তথ্যের ভিত্তিতে মালিকানার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদপত্রসহ ওই তিন কৃষককে ফুলপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তারা এসব ষাঁড় গরু তাদের বলে শনাক্ত করতে সক্ষম হলে ফুলপুর থানা পুলিশ বুধবার সকালে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের কাছে এ তিন ষাঁড় গরু এবং চুরির কাজে বাহন হিসেবে ব্যবহৃত নাম্বার প্লেট বিহীন প্রাইভেট কারটি হস্তান্তর করে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবি/এসএন