• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

কৃষকদের বিক্ষোভে আটকা পড়লেন নরেন্দ্র মোদি

কৃষকদের বিক্ষোভে আটকা পড়লেন নরেন্দ্র মোদি

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পাঞ্জাবে কৃষকদের বিক্ষোভ চলছে। বিক্ষোভ চলাকালে কৃষকরা একটি ফ্লাইওভার বন্ধ করে দেয়। এতে ওই ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় আটকা পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনায় দেশটির প্রশাসন নড়েচড়ে বসেছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উত্তর রাজ্যে একটি স্মৃতিসৌধে যাওয়ার সময় বিক্ষোভকারী কৃষকরা নরেন্দ্র মোদির পথ অবরুদ্ধ করে। এসময় জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ দাবি করেন কৃষকরা।

এর আগে গত অক্টোবরে ৮ জন কৃষক নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত করা হয় অজয় মিশ্রের ছেলেকে। কিন্তু এখন পর্যন্ত মোদি সরকার এ নিয়ে কোনো সন্তোষজনক পদক্ষেপ নেয়নি।

এদিকে ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি গুরুতর ত্রুটি। রাজ্য নির্বাচনের আগে ফিরোজপুর শহরে একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।’

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিরাপত্তা ত্রুটির কারণে প্রধানমন্ত্রীর গাড়িবহর বিমানবন্দরে ফিরে যায়।

তবে বিক্ষোভকারীদের অভিযোগ, অজয় মিশ্রের সঙ্গে যোগসাজশ রয়েছে এমন একটি গাড়ি দিয়ে উত্তর প্রদেশে বিক্ষোভকারী কৃষকদের উপর হামলা চালানো হয়। এতে চারজন কৃষক নিহত হয়। কৃষকদের অভিযোগ, অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র এই হামলার পেছনে ছিল।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত বুধবার সকালে ভাটিন্ডা বিমানবন্দরে পৌঁছান মোদি। হেলিকপ্টারে করে জাতীয় শহীদ স্মৃতিসৌধ ও পরে একটি সমাবেশে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সড়ক পথেই যাত্রা শুরু করে তার গাড়িবহর। স্মৃতিসৌধ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে আটকে যায় মোদির গাড়ি।

 

এবি/এসএন

০৬ জানুয়ারি ২০২২, ০৩:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।