জানুয়ারিতেই তিনটি শৈত্যপ্রবাহ : এ সপ্তাহেই শুরু
প্রতিকী ছবি
জানুয়ারির শুরুতেই সারাদেশে জেঁকে বসেছে শীত। নতুন বছরের প্রথম সপ্তাহেই দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় শৈত্য প্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ আসবে। তবে শীতের দাপট থাকবে উত্তর-উত্তরপশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। হিমালয় থেকে আসা বায়ুপ্রবাহের কারণে শৈত্য প্রবাহ আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই একদিনের মধ্যে উত্তরবঙ্গের দিকে শৈত্য প্রবাহ আসতে পারে। ফলে রাতের এবং দিনের তাপমাত্রা কমে যাবে। তিনি বলেন, জানুয়ারিতে বরাবরের মতো এবারও শীত থাকবে বেশি। বছরের সর্বনিম্ন তাপমাত্রা এ মাসেই রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে দুই থেকে তিনটি শৈত্য প্রবাহ হবে। এর আগে সভা শেষে আবহাওয়া অধিদপ্তর জানায়, জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্য প্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে। জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তরের মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে ২ থেকে ৩টি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহে রূপ নিতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে।
এ ছাড়া জানুয়ারিতে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সোমবার দেশের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে।
এবি/এসএন