• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রবাসী কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর চমকপ্রদ নববর্ষের ‘উপহার’

প্রবাসী কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর চমকপ্রদ নববর্ষের ‘উপহার’

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

নতুন বছরের শুরুতেই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য দারুণ সুখবর দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বছরের প্রথম মাস জানুয়ারি থেকে রেমিটেন্স প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, প্রবাসীরা কেউ ১০০ টাকা দেশে পাঠালে তার সঙ্গে দুই টাকা ৫০ পয়সা যোগ হবে। এই টাকা প্রবাসীদের স্বজনরা পাবেন।

অর্থ মন্ত্রণালয় বলছে, প্রবাসী কর্মীদের রেমিটেন্সে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানো নতুন বছরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘নববর্ষের উপহার’।

অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে রেমিটেন্স প্রেরণের বিপরীতে সরকার কর্তৃক ২ শতাংশ প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের বিদ্যমান হার বাড়িয়ে ২.৫%-এ নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্ধিত এ হার চলতি ২০২১-২২ অর্থবছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।’

এর আগে ২০১৯-২০ অর্থবছরে বৈধ পথে অর্থ পাঠানো উৎসাহিত করতে রেমিটেন্সে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করেছিল সরকার।

এদিকে প্রবাসীদের রেমিটেন্সের ওপর সরকারের প্রণোদনা ঘোষণা ও প্রণোদনা বাড়ানোর নতুন সিদ্ধান্তে প্রবাসী কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

 

এবি/এসএন

০১ জানুয়ারি ২০২২, ০৩:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।