• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

২০২১ সালের শীর্ষ ১০ ধনী যারা

২০২১ সালের শীর্ষ ১০ ধনী যারা

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

কোভিড-১৯ এর প্রভাবে টালমাটাল বৈশ্বিক অর্থনীতি। এখনো পুরোপুরি ফেরেনি স্থিতিশীলতা। বিশ্বের ডাকসাইটে অনেক বড় বড় প্রতিষ্ঠান হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। অনেক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এত কিছুর পরেও বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ যেন আগের মতোই রয়েছে। বরং করোনাকালীন ২০২১ সালে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ বেড়েছে।

সম্প্রতি ফোর্বসের এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। ফোর্বস জানিয়েছে, বিশ্বের ২৬৬০ বিলিওনিয়ারের তালিকায় ১৮০০ জন নতুন করে জায়গা করে নিয়েছেন। এই তালিকায় বেশ কিছু সম্পদশালী রয়েছেন, যাদেরকে আক্ষরিকভাবেই ধনীদেরও ধনী বলা হয়।

ফোর্বস বলছে, ২০২১ সালের শীর্ষ দশ ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ ৪৫৮ বিলিয়ন ডলার। শীর্ষ দশের মধ্যে ৬ জনই যুক্তরাষ্ট্রের অধিবাসী। তাদের অধিকাংশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রযুক্তি ব্যবসার সাথে সম্পৃক্ত।

তালিকার শীর্ষে রয়েছেন যারা-

ইলন মাস্ক:
প্রযুক্তি জগতের শীর্ষস্থান অধিকারী টেসলা এবং স্পেস এক্স এর মালিক ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ২৬৫.৪ বিলিয়ন ডলার। ২০২১ সালে তার উপার্জিত সম্পদের পরিমাণ ১০৯.৮ বিলিয়ন ডলারেরও বেশি। ফোর্বসের করা ২০২০ সালের শীর্ষ ধনীর তালিকাতেও তিনি ছিলেন। এবছর তালিকার শীর্ষে রয়েছে এই ধনকুবের।

গৌতম আদানি ও তার পরিবার:
ভারতের এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ ৮১.১ বিলিয়ন ডলার। চলতি বছরে তার সম্পদ বেড়েছে ৫২.৫ বিলিয়ন ডলারের মতো। আদানি গ্রুপ মূলত অবকাঠামো উন্নয়ন, বিদ্যুত প্লান্ট এবং আবাসন ব্যবসার সাথে জড়িত। চলতি বছরে আদানি গ্যাসের শেয়ার বেড়েছে ৪০০ শতাংশ। আদানি এবং তার পরিবার ফোর্বস ম্যাগাজিনের তালিকার দ্বিতীয়তে স্থান করে নিয়েছেন।

ল্যারি পেইজ:
গুগলের মাতৃপ্রতিষ্ঠান এ্যালফাবেটের শেয়ার ৭১ শতাংশ বেড়ে যাওয়াতে কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ল্যারি পেইজ ফোর্বসের তালিকার তৃতীয় স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ১২৬.৩ বিলিয়ন ডলার। চলতি বছরে তিনি আয় করেছেন প্রায় ৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি।

ল্যারি এলিসন:
প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সহপ্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ল্যারি এলিসন। তিনি ১৩৫.৭ বিলিয়ন ডলার নিয়ে এই তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন। ২০২১ সালে ৪৭.৫ বিলিয়ন ডলার আয় করেছেন ল্যারি এলিসন। তিনি টেসলার দ্বিতীয় শীর্ষ অংশীদার।

সের্গেই ব্রিন:
গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ১২১.৭ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের মালিক। ২০২১ সালে তিনি ৪৬.৭ বিলিয়ন ডলার আয় করেছেন। ব্রিন এলটিএ রিসার্চ এন্ড এক্সপ্লোরেশন নামক এয়ারশিপ কোম্পানি পরিচালনা করছেন। তিনি পার্কিনসন রোগের জন্য গবেষণা প্রতিষ্ঠানও চালু করেছেন।

বার্নার্ড আর্নল্ট এবং তার পরিবার:
ফ্রান্সের এই ধনকুবেরের মোট সম্পদ প্রায় ১৯৪ বিলিয়ন ডলার। ২০২১ সালে আর্নল্ট এবং তার পারিবার ৪৩ বিলিয়ন ডলার আয় করেছেন। বছরের শুরুর দিকে আর্নল্টই ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। আর্নল্ট ফ্রান্সের বিলাসী পণ্য প্রস্তুত কোম্পানি এলভিএমএইচ গ্রুপের চেয়ারম্যান।

স্টিভ বলমার:
মাইক্রোসফটের প্রাক্তন সিইও বলমারের মোট সম্পদের পরিমাণ ১০৭.৫ বিলিয়ন ডলার। ২০২১ সালে তিনি মোট ৩২.৩ বিলিয়ন ডলার আয় করেছেন। বলমারের মালিকানাধীন বাস্কেটবল টিম 'লস এঞ্জেলেস ক্লিপার্সে'র দাম বেড়ে যাওয়ায় তিনি এই তালিকার ৭ম অবস্থানে আছেন তা নয়। মাইক্রোসফটের শেয়ার ৫৭ শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলেই তার মোট সম্পদ বেড়ে গিয়েছে।

ঝ্যাং ইমিং:
ফোর্বসের তালিকায় স্থান পাওয়া চীনা এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ ৫৯.৪ বিলিয়ন ডলার। ২০২১ সালে তার আয় বৃদ্ধি পেয়েছে ৩১.৭ বিলিয়ন ডলার। 'বাইটড্যান্স' প্রতিষ্ঠানের মালিক ঝ্যাং ইয়ং। কোম্পানিটির ২২ শতাংশ শেয়ার তার অধীনে। সামাজিক যোগাযোগ প্লাটফর্ম 'টিকটক' বাইটড্যান্সের একটি এ্যাপলিকেশন যা সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

রবিন জেং:
ফোর্বসের এই তালিকায় স্থান পাওয়া রবিন জেং হংকংয়ের অধিবাসী। ইলেক্ট্রনিক গাড়ির ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'কনটেম্পোরারি এ্যাম্পেরেক্স টেকনোলজি'র মালিক তিনি। সম্প্রতি তার কোম্পানির শেয়ার ৫৮ শতাংশ বেড়ে যাওয়াতে তিনি এই তালিকার ৯ম স্থানে চলে এসেছেন।

বিল গেটস:
গেটস ২০২১ সালে মাত্র ১৮.৯ বিলিয়ন ডলার আয় করে ফোর্বসের করা এই তালিকার দশম অবস্থানে আছেন। সাবেক এই শীর্ষ ধনীর বর্তমান মোট সম্পদের পরিমাণ ১৩৯.২ বিলিয়ন ডলার। সাবেক স্ত্রী মেলিন্ডার সাথে বিবাহবিচ্ছেদের কারণে তার মোট সম্পত্তির পরিমাণ কমে গেছে বলে মনে করেন অনেকে।

 

এবি/এসএন

২৯ ডিসেম্বর ২০২১, ০৩:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।