এসএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার
প্রতিকী ছবি
এবছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ায় এদিন ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।
ডা. দীপু মনি বলেন, আগামী বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন। একই দিন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তার হাতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সার-সংক্ষেপ তুলে দেওয়া হবে। এরপর তিনি ফলাফল ঘোষণা করবেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে বলে জানান শিক্ষামন্ত্রী। এর আগে ২৭ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ ধরে নিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফর থাকায় আগামী ৩০ ডিসেম্বর ফল প্রকাশ হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছিল।
এ বিষয়ে গত রবিবার আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রধানমন্ত্রী সম্মতি দিলে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যেকোনো দিন তারিখ নির্ধারণ করা যেতে পারে।
প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি। পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর।
এবি/এসএন