বিশ্বের প্রথম ডুয়েল মুড ‘বাস-ট্রেন’: তাক লাগিয়ে দিল জাপান
ছবি- সংগৃহিত
বাহনটি একইসাথে বাস এবং ট্রেন। এটি যেমন সাধারণ সড়কে বাস হিসেবে চলতে পারে, তেমনি এটি রেলপথে ট্রেন হিসেবেও চলতে পারবে। আর এমন অভিনব এক বাহন প্রকাশ্যে এনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপান। খবর রয়টার্সের।
বড়দিন উপলক্ষে শনিবার জাপানে প্রথম এই বাহনটি চালু হচ্ছে। ডুয়াল মুডের বাহনটির সাংকেতিক নাম ‘ডিএমভি’। এটি একই সঙ্গে বাস ও ট্রেন। মূলত এটি উভয় রাস্তায় চলতে সক্ষম। জাপানের তোকুশিমা এলাকার কাইয়ো শহরে প্রথমে এই বাহনটি চালু হয়েছে।
‘ডিএমভি’ নামের বাহনটি দেখতে একটি মিনিবাসের মতোই। রাস্তায় সাধারণ রাবারের টায়ারে চলে এটি। এছাড়া, সড়ক ও রেলপথের ইন্টারচেঞ্জে পৌঁছালে গাড়ির নিচ থেকে ইস্পাতের চাকা বেরিয়ে আসে। তবে শুধুমাত্র গাড়ির সামনে থেকেই ইস্পাতের চাকা বের হয়। এতে গাড়ির সামনের পাশ কিছুটা উঁচুতে থাকে।
আসা কোস্ট রেলওয়ে কোম্পানির সিইও বলেন, এই ডিএমভি কাইয়োর মতো ছোট শহরগুলোতে ভালভাবেই চলাচল করতে পারবে। এসব শহরে বসতির হার কম থাকায় স্থানীয় পরিবহন সংস্থাগুলো এক্ষেত্রে আশানুরূপ লাভ করতে পারেনা।
ডিজেলচালিত গাড়িটি দক্ষিণ জাপানের শিকোকু দ্বীপের উপকূলের কিছু অংশ ধরে চলবে। ফলে গাড়িতে বসেই যাত্রীরা আকর্ষণীয় সমুদ্রতীরবর্তী দৃশ্য উপভোগ করতে পারবেন।
সিইও শিগেকি মিউরা রয়টার্সকে বলেন, ‘স্থানীয়রা ডিএমভিকে বাস হিসেবেও ব্যবহার করতে পারবে, এমনকি এর মাধ্যমে রেলপথেও যাতায়াত করা যাবে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যেখানে বয়স্ক লোকেরা রয়েছে, সেখানে এটি মানুষের বেশ উপকারে আসবে।"
রয়টার্স বলছে, এই ডিএমভিগুলো ২১ জন যাত্রী বহন করতে পারে এবং রেল ট্র্যাকে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে চলতে পারে। এছাড়া সড়কে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলতে পারে গাড়িটি।
এবি/এসএন