• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

সদ্য পদ হারানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী।

সম্প্রতি একটি অনলাইন মাধ্যমে টক-শোতে অংশ নিয়ে নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ায় সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে ওই মামলার আবেদন করা হয়। আবেদনে টক শো’র উপস্থাপক নাহিদ রেইন্সের বিরুদ্ধে নারীর প্রতি অবমাননাকর বক্তব্য প্রদানে উস্কানী দেয়ার অভিযোগ করা হয়েছে।

মামলার আবেদনকারী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী বলেন, মামলার বিষয়ে সোমবার শুনানি অনুষ্ঠিত হতে পারে।

সম্প্রতি বিএনপি নেতা তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ডা. মুরাদ হাসানের দেওয়া 'অশ্লীল ও কুরুচিপূর্ণ' বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ফাঁস হয় ঢাকাই সিনেমার একজন নায়িকাকে 'ধর্ষণ' এর হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ। এরমধ্যে আরেকটি অনলাইন টকশোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নারী নেত্রীদের নিয়েও কুরুচিপূর্ণ বক্তব্য দিতে দেখা যায় মুরাদকে।

তার এসব বক্তব্যের সমালোচনায় সোচ্চার হয়েছিলেন নারী অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। খোদ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকেও মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়ার দাবি উঠেছিল।

এসব বিতর্কিত বক্তব্যের জন্য গত ৬ ডিসেম্বর ডা. মুরাদ হাসানকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরদিন ৭ ডিসেম্বর 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন মুরাদ। একইদিনে দলীয় পদও হারান তিনি।

এরপর গত বৃহস্পতিবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন ডা. মুরাদ হাসান। কিন্তু কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি তাকে সে দেশে ঢুকতে না দিয়ে ফিরতি ফ্লাইটে দুবাই পাঠিয়ে দেয়। পরবর্তি ফ্লাইটে দুবাই গিয়েও আশ্রয় পাননি ডা. মুরাদ হাসান। গুঞ্জন উঠেছে, রবিবার তিনি দেশে ফিরতে পারেন।

এদিকে মুরাদ হাসানের দেশে ফেরার ঘটনা জানাজানি হতেই শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে বিক্ষুব্ধ মানুষ জড়ো হতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে তারা বিমানবন্দর সড়কের পাশে দাঁড়িয়ে মুরাদ হাসানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

 

এবি/এসএন

১২ ডিসেম্বর ২০২১, ০২:৪২পিএম, ঢাকা-বাংলাদেশ।