‘থলে ডট কম’ ও ‘উইকম ডট কম’র ৬ কর্মকর্তা গ্রেপ্তার
গোয়েন্দা নজরদারিতে ৩০ ই কমার্স প্রতিষ্ঠান
প্রতিকী ছবি
ই-কমার্স প্রতিষ্ঠানের নামে প্রতারণায় জড়িত অন্তত ৬০টি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব প্রতিষ্ঠান ই কমার্সের নামে গ্রাহকের পণ্য ডেলিভারি না দিয়ে দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাৎ করে আসছিল। সিআইডির তালিকাভুক্ত অন্তত ৩০টি প্রতিষ্ঠানের ওপর এরই মধ্যে নজরদারি শুরু হয়েছে। এদিকে সাশ্রয়ী দামে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল ও ইলেকট্রনিক পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে ই কমার্স প্রতিষ্ঠান ‘থলে ডট কম’ ও ‘উই কম ডট কম’। অনুমোদনহীন এ দুই প্রতিষ্ঠানের ৬ কর্মকর্তাকে এরই মধ্যে গ্রেপ্তারও করেছে সিআইডি।
সোমবার দুপুরে সিআইডি হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাহকের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সরকারি অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন ই-কমার্স প্রতিষ্ঠান ‘থলে ডট কম’ ও ‘উই কম ডট কম’ এর হেড অব অপারেশন মো. নজরুল ইসলামসহ প্রতিষ্ঠানের ৬ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে মাত্র এক মাসেই আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়। গ্রাহকের কাছ থেকে টাকা নিলেও প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত কোনো গ্রাহককে পণ্য ডেলিভারি করেনি।
মো. নজরুল ইসলাম ছাড়াও অন্য গ্রেপ্তাররা হলেন- প্রতিষ্ঠানটির অ্যাকাউন্ট অফিসার মো. সোহেল হোসেন (২৭), ডিজিটাল কমিউনিকেশন অফিসার মো. তারেক মাহমুদ অনিক (২৮), সেলস এক্সিকিউটিভ অফিসার সাজ্জাদ হোসেন ওরফে পিয়াস (২৭), কল সেন্টার এক্সিকিউটিভ অফিসার মুন্না পারভেজ (২৬) ও সুপার ভাইজার মো. মাসুম হাসান (২৭)।
সিআইডির অতিরিক্ত ডিআইজ ইমাম হোসেন বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সিআইডিও ই-কমার্স প্রতিষ্ঠানগুলো নিয়ে কাজ শুরু করেছে। এরই মধ্যে অন্তত ৬০টি প্রতিষ্ঠানের একটি তালিকা করা হয়েছে। এই তালিকায় থাকা অন্তত ৩০টি প্রতিষ্ঠানের ওপর আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম, হয়রানি ও প্রতারণার অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, কিছু ই-কমার্স প্রতিষ্ঠানে ভুক্তভোগীরা অগ্রিম টাকা দিলেও দিনের পর দিন পণ্য ডেলিভারি না পেয়ে থানায় অভিযোগ করেছেন। এমন অভিযোগের ভিত্তিতে এসব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিআইডির এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, ‘থলে ডট কম’ ও ‘উই কম ডট কম’ এর ৬ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পণ্য দেয়ার নামে গ্রাহক হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তারা এক মাসের ব্যবধানে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছে।
সিআইডি জানিয়েছে, ‘থলে ডট কম’ ও ‘উই কম ডট কম’ এর অফিস তল্লাশি চালিয়ে অফিস ভাড়ার চুক্তিপত্র, গন্তব্য লজিস্টিকস সার্ভিস লিমিটেড এজেন্ট সংক্রান্ত চুক্তিপত্র, জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত চুক্তিপত্রসহ বিভিন্ন ব্যাংকের চেক, গ্রাহকের কাছ থেকে গৃহীত চেক রিসিভ ইনফরমেশন, ল্যাপটপ, প্রিন্টার, ফটোকপি মেশিন, দুটি রেজিস্টার ও টাকা গণনার মেশিন জব্দ করা হয়েছে।
এবি/এসএন