• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দিবাগত রাতে দেশে পৌছান প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র সফর শেষে ফিনল্যান্ডের হেলসিঙ্কি যান শেখ হাসিনা। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর-সঙ্গীদের নিয়ে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি হয়ে বাংলাদেশ স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।’

এর আগে ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫ টা ২৭ মিনিটে ফ্লাইটটি ওয়াশিংটন ডিসি’র ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কির উদ্দেশে যাত্রা শুরু করে। এসময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

গত ১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৯টায় চার্টার্ড ফ্লাইটটি ফিনল্যান্ডের হেলসিঙ্কি-ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ফিনল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত (অনাবাসিক) মো. নাজমুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। হেলসিঙ্কিতে সাময়িক যাত্রা-বিরতির পর হেলসিঙ্কির স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।

এর আগে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুই দিনের যাত্রা-বিরতির পর গত ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ ও কয়েকটি উচ্চ-পর্যায়ের পার্শ্ব-আলোচনায় অংশ নেন। জাতিসংঘ অধিবেশনে অংশ নেয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ অর্জন করেন। এই পুরস্কার তিনি দেশবাসীকে উৎসর্গ করেছেন।

পরে গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ওয়াশিংটন ডিসি’র উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে তিনি একাধিক উচ্চ পর্যায়ের ও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও আন্তর্জাতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে একাধিক বৈঠকেও অংশ নেন তিনি।

এছাড়া গত ২০ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে তাঁর সম্মানে জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনের উদ্যানে একটি চারাগাছ ও বেঞ্চ স্থাপন করেন শেখ হাসিনা।

 

এবি/এসএন

০২ অক্টোবর ২০২১, ০৩:২৫পিএম, ঢাকা-বাংলাদেশ।