• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

নিকারের অনুমোদন: হচ্ছে ৩ নতুন উপজেলা ও ১ থানা

নিকারের অনুমোদন: হচ্ছে ৩ নতুন উপজেলা ও ১ থানা

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানা বিভক্ত করে ‘হালদা’ নামে নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাধীন অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হবে।

নিকার সূত্র জানায়, প্রশাসনিক সেবা সহজলভ্য ও কার্যকর করতে এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠন করা হচ্ছে।

০১ জুলাই ২০২৬, ০৪:১৭পিএম, ঢাকা-বাংলাদেশ।