নবজাতকের মৃত্যু: তদন্তে অবহেলার প্রমাণ, সংস্কার ও সহায়তার ঘোষণা
আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় ওঠা অভিযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবার যৌথ সংবাদ সম্মেলন করেছে। এতে উভয় পক্ষই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তদন্ত কমিটির প্রতিবেদনে সংশ্লিষ্ট কয়েকজনের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও প্রশাসনিক ও আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পর্যবেক্ষণের ভিত্তিতে টেলিডেলিভারি, জরুরি চিকিৎসা ও তদারকি ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষায় বিশেষ সুবিধা, চাকরিতে অগ্রাধিকার এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।