এলপি গ্যাসের দাম কমল, ১২ কেজি সিলিন্ডার ৫৫ টাকা সস্তা
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য ঘোষণা অনুযায়ী, অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৭ টাকা। ফলে ওই দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের মূল্য মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল।
সর্বশেষ ঘোষণায় কিছুটা মূল্য কমলেও ১২ কেজির সিলিন্ডারের বর্তমান দাম এখনও এপ্রিলের শুরুর দামের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে।
নতুন নির্ধারিত মূল্য আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।