ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ অব্যাহত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
সোমবার সকালে ‘ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক গ্রাহক ও শেয়ারহোল্ডার জড়ো হন। পরে তারা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন।
আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আন্দোলনকারীরা পুনরায় সংগঠিত হয়ে ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন।
সর্বশেষ খবর অনুযায়ী, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান অব্যাহত রয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুনুর রশীদ বলেন, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
বিক্ষোভকারীরা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল এবং ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।