৭৭ দিনে হাম ও উপসর্গে ৫৮৫ শিশুর মৃত্যু
হাম ও এর উপসর্গে দেশে গত ৭৭ দিনে ৫৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৯৫ শিশুর।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর–এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
একই সময়ে ৫৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ১ হাজার ৩২৪ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৯ জন। অন্যদিকে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ হাজার ৯৩৬।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।