মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার পর ৯ বাংলাদেশিসহ আটক ১০
মালয়েশিয়ার কিলানতান রাজ্যে একটি সড়ক দুর্ঘটনার পর ৯ বাংলাদেশিসহ ১০ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটক বাংলাদেশিরা বৈধ অভিবাসন সংক্রান্ত নথিপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকাল ৭টার দিকে কিলানতানের তুমপাত জেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টহলরত জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) একটি সন্দেহজনক হলুদ রঙের গাড়িকে থামানোর চেষ্টা করলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
জিওএফের দক্ষিণ-পূর্ব ব্রিগেডের কমান্ডার আহমদ রাদজি হুসাইন জানান, পালানোর সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি সড়ক থেকে ছিটকে গিয়ে প্রথমে আরেকটি যানবাহন এবং পরে একটি বাড়িতে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর গাড়ি থেকে স্থানীয় এক চালক ও ৯ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের জিওএফ কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে। বাংলাদেশি নাগরিকরা মালয়েশিয়ায় অবস্থানের বৈধ কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।
এ ঘটনায় অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মানবপাচারের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।