সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো সন্ত্রাসের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না এবং চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করতে সরকার কাজ করছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত থাকবে।
রোববার জঙ্গল সলিমপুর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুর এলাকায় নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে সেখানে বসবাসকারীদের তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হবে না।
তিনি আরও বলেন, মাদক সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান আনা হবে। বর্তমানে বিপুল সংখ্যক মাদক মামলা বছরের পর বছর বিচারাধীন থাকায় দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। এতে মাদক নিয়ন্ত্রণ এবং যুবসমাজকে সুরক্ষিত রাখা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।
দেশজুড়ে কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান আইনের কিছু সুযোগ অপব্যবহারের কারণে অনেক কিশোর গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় আইনি সংস্কার আনার উদ্যোগ নেওয়া হবে।
সরকার সন্ত্রাস, মাদক ও কিশোর অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।