• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর সাদাপাথর

ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর সাদাপাথর

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের ব্যাপক আগমনে মুখর হয়ে উঠেছে সাদাপাথর। শনিবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের ভিড় ছিল এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রে।

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মিয়া জানান, শুক্রবার প্রায় ১৫ হাজার পর্যটক সাদাপাথর ভ্রমণ করেছেন। শনিবার সকাল থেকেই পর্যটকদের উপস্থিতি আরও বেড়েছে এবং আগের দিনের তুলনায় দ্বিগুণ দর্শনার্থী আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বরিশাল থেকে আসা পর্যটক নুরুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের নিয়ে সাদাপাথর ভ্রমণে এসে তারা মুগ্ধ হয়েছেন। দীর্ঘ যাত্রার ক্লান্তি স্বচ্ছ পানিতে নেমেই দূর হয়ে গেছে। তবে পর্যটকদের জন্য কাপড় পরিবর্তনের পর্যাপ্ত ব্যবস্থা, লাইফ জ্যাকেট ও টিউবের অভাব রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঢাকা থেকে আসা শিক্ষার্থী আবির হাসান বলেন, সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য এবং পাশের ভারতীয় পাহাড়ের দৃশ্য পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। পানিতে নেমে পাহাড় দেখার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকে।

এদিকে সাদাপাথর হোটেল অ্যান্ড রিসোর্ট–এর সিইও মোহাম্মদ রামীম আহমদ জানান, ঈদের পর থেকে টানা তিন দিনের জন্য তাদের রিসোর্টের সব কক্ষ বুকিং হয়ে গেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুজন চন্দ্র কর্মকার বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে। গত দুই দিনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

৩০ মে ২০২৬, ০৩:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।