• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে সমালোচনার জবাব দিলেন মন্ত্রীর ছেলে

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে সমালোচনার জবাব দিলেন মন্ত্রীর ছেলে

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তার ছেলে সারিয়ান চৌধুরী

মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে সারিয়ান চৌধুরী দাবি করেন, তাদের পরিবার প্রতি বছরই পারিবারিক কুরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসার জন্য একাধিক গরু ক্রয় করে থাকে। সেই ধারাবাহিকতায় এ বছরও ছয়টি গরু কেনা হয়েছে।

তিনি বলেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় তার বাবাকে উদ্দেশ্য করে অযৌক্তিক সমালোচনা করা হচ্ছে। ভবিষ্যতেও কি শুধুমাত্র মন্ত্রীর পরিবারের সদস্য হওয়ায় এ ধরনের সমালোচনার মুখোমুখি হতে হবে— এমন প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে আরও উল্লেখ করা হয়, কুরবানির গরুগুলোর মাংস গরিব মানুষের মধ্যে বিতরণ করা হবে। সারিয়ান চৌধুরী লেখেন, “সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে।”

সম্প্রতি ৩২ লাখ টাকায় গরু কেনার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

২৭ মে ২০২৬, ০৪:৪৬পিএম, ঢাকা-বাংলাদেশ।