• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

নর্দ্দায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১২

নর্দ্দায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঢাকার নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন যাত্রী। বুধবার সকাল ৬টার দিকে ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনের আকাশ পরিবহনের বাসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও মো. রবিউল (২২)। নিহতদের মধ্যে তিনজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় এবং একজনের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

পুলিশ জানায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। নতুন বাজার এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে উঠে যায় এবং আকাশ পরিবহনের একটি বাসকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় আকাশ পরিবহনের বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই এক নারী নিহত হন। পরে কুর্মিটোলা হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হয়। আহতদের কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ভাটারা থানার এসআই নেসার উদ্দিন জানান, দুর্ঘটনার পর চালক ও হেল্পার পালিয়ে গেছেন। তাদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

২৭ মে ২০২৬, ০৪:৪৬পিএম, ঢাকা-বাংলাদেশ।