• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ায় কমেছে যানবাহনের চাপ ও দীর্ঘদিনের চেনা যানজট।

সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখা হয়েছিল। আগামী ১ জুন থেকে অফিস-আদালত ও ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

বুধবার সকাল থেকে রাজধানীর মিরপুর, বনানী, মোহাম্মদপুর, ফার্মগেট, মগবাজার ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কগুলো অনেকটাই ফাঁকা। সাধারণ সময়ে যেখানে তীব্র যানজট ও যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়, সেখানে এখন তুলনামূলক স্বস্তি বিরাজ করছে।

কোথাও কোথাও সীমিত সংখ্যক যানবাহন চলাচল করলেও নগরজীবনের ব্যস্ততা অনেকটাই কমে গেছে। রাজধানীর বাসিন্দাদের অনেকেই এই সময়টিকে স্বস্তির নগরী হিসেবে দেখছেন।

২৭ মে ২০২৬, ০৪:৪৫পিএম, ঢাকা-বাংলাদেশ।