• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

কৃষিজমি রক্ষা করেই হবে উন্নয়ন: এলজিআরডি মন্ত্রী

কৃষিজমি রক্ষা করেই হবে উন্নয়ন: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিজমি নষ্ট করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হবে না। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রেও কৃষিজমি সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আমতলী রেলঘুন্টি এলাকার ভাতার মারি ফার্মে বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে দিন দিন কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। তাই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সময় কৃষির ক্ষতি কমিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রেও কৃষিজমি রক্ষার নীতি অনুসরণ করা হবে। উন্নয়ন ও কৃষির মধ্যে সমন্বয় রেখেই সরকার কাজ করবে।

এ সময় তিনি সদর উপজেলার শ্রীকৃষ্টপুর, জগন্নাথপুর, গড়েয়া ইক্ষু খামার ও সালান্দর এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

২৭ মে ২০২৬, ০৪:৪৫পিএম, ঢাকা-বাংলাদেশ।