• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদযাত্রা সন্তোষজনক, দাবি সড়কমন্ত্রীর

ঈদযাত্রা সন্তোষজনক, দাবি সড়কমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ঈদকে কেন্দ্র করে দেড় কোটি মানুষের যাতায়াত এবং প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহনের মধ্যেও দেশের সার্বিক পরিবহন পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, যাত্রীরা নির্ধারিত ভাড়ায় ও শৃঙ্খলার সঙ্গে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা পর্যবেক্ষণ করছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানজট ও ধীরগতি থাকলেও তা স্বাভাবিক। সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় সেখানে চাপ তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল পরিস্থিতি তদারকি করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে।

রেলপথে নারীদের জন্য বিশেষ কোচ সংযোজনের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটের কয়েকটি আন্তঃনগর ট্রেনে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচ সংযোজন করা হয়েছে।

২৭ মে ২০২৬, ০৪:৪৪পিএম, ঢাকা-বাংলাদেশ।