• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

জঙ্গল সলিমপুরে হামলার কঠোর জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে হামলার কঠোর জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, র‌্যাব-এর ওপর সন্ত্রাসী হামলার সমুচিত জবাব দেওয়া হবে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দীর্ঘদিন আইনের শাসনের ঘাটতির কারণে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীরা শক্ত অবস্থান তৈরি করেছিল।

মন্ত্রী জানান, যৌথ অভিযানে এলাকাটি থেকে অস্ত্র উদ্ধার ও একাধিক দাগি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে ভবিষ্যতে পুলিশ ও র‌্যাবের অ্যাকাডেমি, স্পোর্টস কমপ্লেক্স, বিজিবি ও এপিবিএনের প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম কারাগার স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় আছে বলে জানান তিনি।

রোববার গভীর রাতে সীতাকুণ্ডের আলীনগর এলাকায় র‌্যাব ক্যাম্পে হামলা চালানো হয়। হামলাকারীরা গুলি ছোড়ে এবং বুলডোজার দিয়ে ক্যাম্পের বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলে। অভিযানে বাধা দিতে কয়েকটি স্থানে রাস্তা কেটে দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাবের দাবি, হামলায় ‘ইয়াসিন বাহিনী’ নামে একটি সন্ত্রাসী গ্রুপ জড়িত। ঘটনার পর অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে।

২৬ মে ২০২৬, ০৫:৩৩পিএম, ঢাকা-বাংলাদেশ।