কোরবানির হাটে ভারতীয় পশু দেখা যায়নি: প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এবারের কোরবানির পশুর হাটে ভারত থেকে অবৈধভাবে আনা পশু চোখে পড়েনি। সরকার প্রান্তিক খামারি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত সবার জন্য নিরাপদ পশু কেনাবেচা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার কুমিল্লা নেউড়া কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, হাটগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা প্রতিরোধ ব্যবস্থা এবং চাঁদাবাজি ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, এবার সারা দেশে প্রায় এক কোটি পশু কোরবানি হতে পারে। কোরবানিকে ঘিরে যে অর্থনৈতিক কার্যক্রম তৈরি হয়, তা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপকারে আসে।
হাট পরিদর্শনের সময় তিনি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং ভেটেরিনারি বুথ থেকে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার আহ্বান জানান। পরে তিনি নেউড়া বাজারে ৩২ লাখ টাকা দামের ‘সুলতান’ নামের একটি উটও পরিদর্শন করেন।