ঈদযাত্রায় নারীদের জন্য রেলে থাকবে বিশেষ কোচ
সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদযাত্রায় নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে রেলে আলাদা কোচ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনের দুটি কোচে ইতোমধ্যে নারীদের জন্য আলাদা যাত্রার ব্যবস্থা করা হয়েছে। ঈদের পর পর্যায়ক্রমে প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, ঈদুল আজহা উপলক্ষে দুই দিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়তে পারেন। তাই যাত্রীদের সুশৃঙ্খলভাবে ভ্রমণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল ধীরে ধীরে বন্ধ করা হবে।
অনুষ্ঠানে প্রবীণ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় সুবিধার কার্ডও উদ্বোধন করা হয়।