বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির
আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। একই সঙ্গে সংস্থাটি বাংলাদেশের জন্য বার্ষিক সহায়তা প্রায় ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে।
সোমবার ঢাকায় সফররত এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন। বৈঠকে তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এডিবি জানিয়েছে, ২০২৬ সালের কর্মসূচির আওতায় প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তিও সই হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সংকট মোকাবিলায় বাংলাদেশের অর্থনীতিকে সহায়তা দিতে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার যুক্ত করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশে এডিবির বার্ষিক ঋণ সহায়তার পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। ভবিষ্যতে তা বাড়িয়ে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।