পাকিস্তানকে হারানোয় জাতীয় দলকে অভিনন্দন বিরোধীদলীয় নেতার
বুধবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দনবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় বাংলাদেশের জন্য গৌরবের অর্জন। তিনি জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিরোধীদলীয় নেতা বলেন, মিরপুরের পর সিলেট টেস্টেও বাংলাদেশ দল দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয় দলের আত্মবিশ্বাস ও সামর্থ্যের প্রমাণ বহন করে। তিনি আরও বলেন, খেলোয়াড়দের সাহসী মানসিকতা, দলগত ঐক্য ও লড়াকু পারফরম্যান্স দেশবাসীকে আনন্দিত করেছে। এই ধরনের সাফল্য তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে বলেও মন্তব্য করেন তিনি।