দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের সংবর্ধনায় আসিফ মাহমুদ
দক্ষিণ কোরিয়া সফর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনায় এনসিপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বক্তব্যে আসিফ মাহমুদ প্রবাসীদের আতিথেয়তা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং দেশের মানুষের আশা জাগিয়ে রেখেছিলেন।
তিনি জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণআন্দোলনের বিষয়গুলো তুলে ধরতেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। ভবিষ্যতেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এনসিপি কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, কোরিয়াপ্রবাসীরা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালনার নীতিনির্ধারণে তাদের অংশগ্রহণ প্রয়োজন।
এ সময় প্রবাসীরা শিক্ষার্থীদের মরদেহ বিনা খরচে দেশে পাঠানো, অভিবাসন প্রক্রিয়া সহজ করা, দালালচক্র দমন ও বিমানবন্দরে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।