• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভাইরাল অ্যালবিনো মহিষ, ট্রাম্পকে ছাড়িয়ে গেল ‘নেতানিয়াহু’

নারায়ণগঞ্জে ভাইরাল অ্যালবিনো মহিষ, ট্রাম্পকে ছাড়িয়ে গেল ‘নেতানিয়াহু’

নিজস্ব প্রতিবেদক

কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে দুটি অ্যালবিনো মহিষ ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ব্যতিক্রমী রং, আকৃতি ও আচরণের কারণে মহিষ দুটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করছেন খামারগুলোতে।

বন্দর উপজেলার এসএস ক্যাটেল ফার্মের আলোচিত মহিষ ‘নেতানিয়াহু’র ওজন ৭৫০ কেজির বেশি। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রমণাত্মক স্বভাব ও চেহারার মিলের কারণে এমন নাম রাখা হয়েছে। মহিষটি ইতোমধ্যে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ছয় লাখ টাকায় বিক্রি হয়েছে।

অন্যদিকে শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আরেক অ্যালবিনো মহিষ। গোলাপি রঙের প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি লাইভ ওয়েটে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে।

খামার সংশ্লিষ্টরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কারণে এবার কোরবানির বাজারে ব্যতিক্রমী পশুর চাহিদা ও আগ্রহ কয়েকগুণ বেড়েছে।

১৮ মে ২০২৬, ০৫:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।