• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

গ্রাফিতি বিতর্কে এনসিপিকে দায়ী করলেন চসিক মেয়র

গ্রাফিতি বিতর্কে এনসিপিকে দায়ী করলেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনার ঘটনায় এনসিপির এক নেতার ‘অপচেষ্টা’ দায়ী বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ফ্লাইওভারের পিলারগুলোতে থাকা গ্রাফিতিগুলো আগেই পোস্টারের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল।

সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র বলেন, জুলাই আন্দোলনের পর আঁকা গ্রাফিতির জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আর্থিক সহায়তাও তিনি দিয়েছিলেন। তাই ইচ্ছাকৃতভাবে গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ ভিত্তিহীন।

রোববার রাতে লালখানবাজার থেকে দেওয়ানহাট পর্যন্ত শহীদ ওয়াসিম আক্তার ফ্লাইওভারের নিচে নতুন রং ও বিজ্ঞাপনের নোটিস টানানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, আন্দোলনের স্মারক গ্রাফিতি মুছে বাণিজ্যিক বিজ্ঞাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রতিবাদে তারা নগর ভবনের সামনে বিক্ষোভ ও নতুন গ্রাফিতি আঁকা শুরু করেন।

পরবর্তীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতের দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন মেয়র শাহাদাৎ হোসেন।

১৮ মে ২০২৬, ০৫:২১পিএম, ঢাকা-বাংলাদেশ।