হাইকোর্টের হস্তক্ষেপ নেই, নির্ধারিত সময়েই হচ্ছে বিসিবি নির্বাচন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচন স্থগিত চেয়ে করা সম্পূরক আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্ট। আদালতের এ সিদ্ধান্তের ফলে আগামী ৭ জুন নির্ধারিত সময়েই বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দিলেও নির্বাচনে হস্তক্ষেপ না করার অবস্থান স্পষ্ট করেছেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিম এম রহমান।
পরে মাহিম রহমান সাংবাদিকদের বলেন, বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে করা সম্পূরক আবেদনটি আদালত নথিভুক্ত করেছেন, তবে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, এর আগে মোহাম্মদ মোশাররফ নামের এক ব্যক্তি বিসিবির গঠনতন্ত্রের একটি ধারা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন। সেই বিচারাধীন রিটের সঙ্গেই এবার নির্বাচন স্থগিতের আবেদন যুক্ত করা হয়।
তবে আদালতের সিদ্ধান্তের ফলে বিসিবির নির্বাচনী কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।