সৌদিতে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে গ্রেপ্তার প্রায় ১০ হাজার
সৌদি আরবে গত এক সপ্তাহে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে ৯ হাজার ৫৭৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ৭ থেকে ১৩ মে পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সহায়তায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৮৬৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৩১৯ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৩৯২ জন রয়েছেন। একই সময়ে ১১ হাজার ২৭২ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এছাড়া ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২ হাজার ৩১১ জনকে কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ১১ হাজার ২২৬ জনের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তা, আশ্রয় বা পরিবহন দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।