হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিটে অভিযোগ করা হয়, হামের টিকাদান কার্যক্রমে ব্যর্থতা এবং টিকা ব্যবস্থাপনাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে।
আবেদনে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তর–এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। ওই নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় আদালতের শরণাপন্ন হওয়ার কথাও উল্লেখ করা হয়েছিল।
রিট আবেদনকারী আইনজীবীর দাবি, দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।