ডুয়েটে ভিসি নিয়োগ ইস্যুতে সংঘর্ষ, আহত ১০
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এ উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় নবনিযুক্ত ভিসি সমর্থক শিক্ষার্থী, আন্দোলনকারী শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, ড. মোহাম্মদ ইকবাল–কে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীরা এর বিরোধিতা শুরু করেন।
গত বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন শুরু হয়। রোববার সকালে “লাল কার্ড” কর্মসূচির ডাক দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শহীদ মিনার এলাকায় ভিসি সমর্থক শিক্ষার্থীদের সঙ্গে তাদের উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ হস্তক্ষেপ করলে ত্রিমুখী সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা বেশি থাকায় অভ্যন্তরীণ শিক্ষকই এ দায়িত্ব পালনে বেশি কার্যকর হবেন।
আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তিনি বলেন, ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেও আহত হয়েছেন।