অর্থনীতি ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর লাগবে: অর্থমন্ত্রী
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে এবং এই পরিস্থিতি কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।
শনিবার চট্টগ্রামর আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, আগের সরকারগুলোর রেখে যাওয়া বিপুল বকেয়া ও আর্থিক চাপ সামাল দিতে বর্তমান সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে জ্বালানি খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধে সরকারকে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবেও দেশের অর্থনীতিতে চাপ বেড়েছে। তেল ও গ্যাস আমদানিতে অতিরিক্ত ব্যয়ের কারণে ইতোমধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকা বাজেট থেকে ব্যয় হয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, আগের সরকারের সময়ের অনেক বিল এখনো বকেয়া রয়েছে এবং সেগুলোও বর্তমান সরকারকে পরিশোধ করতে হচ্ছে।
তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, আসন্ন জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যাতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।